বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পাচ্ছেন নোবিপ্রবির ১১৬ শিক্ষার্থী

১১ জানুয়ারি, ২০২১ ১৫:১৬  
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উচ্চশিক্ষায় গবেষণা সহযোগিতা প্রকল্প ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’ পাচ্ছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিভিন্ন বিভাগের ১১৬ শিক্ষার্থী। রোববার (১০ জানুয়ারি) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপ সচিব খান মো. রেজা-উন-নবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান এবং খাদ্য ও কৃষিবিজ্ঞান- এই তিন ক্যাটাগরিতে ফেলোশিপ পাচ্ছেন সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট তিন হাজার ২৪৯ শিক্ষার্থী। এর মধ্যে ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে নোবিপ্রবির ৩৭ জন, খাদ্য ও কৃষি বিজ্ঞান ক্যাটাগরিতে নোবিপ্রবির সাতজন এবং জীব ও চিকিৎসাবিজ্ঞান ক্যাটাগরিতে নোবিপ্রবির ৭২ জন এ ফেলোশিপ পেলেন। ফেলোশিপ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে প্রতি এমএস শিক্ষার্থী ৫৪ হাজার টাকা, এমফিল গবেষক ৬৮ হাজার চারশ টাকা এবং পিএইচডি গবেষক তিন লাখ টাকা আর্থিক সহায়তা পাবেন।